রোকেয়া সাখাওয়াত হোসেনের (১৮৮০-১৯৩২) আসন বাংলা সাহিত্যে অমলিন ও চিরস্থায়ী, অন্তত যতোদিন বাংলাভাষা ও বাংলাভাষী থাকবে। বাংলাসাহিত্য সৃষ্টিতে তাঁর আধুনিক দৃষ্টি, ঐতিহাসিক বিশ্লেষণ ও চাক্ষুষ ঘটনাবলির সাবলীল উপস্থাপন পাঠকের কাছে যুগে যুগে পঠিত হবে, সমাদৃত ও অনুসরণীয় হয়ে থাকবে। সমাজ-ব্যবস্থায় কুপ্রথার শিকড় উৎপাটনে, সমাজ-সংস্কারের কণ্টকাকীর্ণ পথে পদে পদে তাঁর জীবনমুখী আন্দোলন, জীবন-অন্বিষ্ট বাণী প্রায় শত বছর পর, আজও প্রাসঙ্গিক―এ-কথা সর্বজনস্বীকৃত।
নারীশিক্ষার ঘোরতর বিরোধী পরিবারে জন্ম নেওয়া আপাদমস্তক সংগ্রামী এই নারী-ই শেষাবধি হলেন নারীশিক্ষার অগ্রপথিক। বলা বাহুল্য যে, রোকেয়ার আমৃত্যু সাধনার ক্ষেত্র ছিলো নারীমুক্তির প্রয়াস।