কবি শিউলি দিশা। চমৎকার নাম। শুভ্র ফুলের মাঝে, একটুখানি বাসন্তী রঙের টিপ। নামের মতো কবির জীবন। সংসারের শুভ্র রঙের মাঝে কাব্য সাধনার বাসন্তী আমেজ। আর সেই আমেজে লেখনী চলে দুরন্ত নদীর গতিতে। ‘বেদনার লোনাজল’ তার প্রথম কাব্যগ্রন্থ। কিন্তু, লেখনীর সাবলীলতা ছুঁয়ে দেয় মন। ভালো লাগে। প্রেমিক মনের খোঁজ পাওয়া যায়।
যদি আমাকে মনে পড়ে, একটি মৌলিক প্রশ্ন, তুমি কোথায় নিরুদ্দেশ, চোখে এতো জল, ঝরা ফুল ইত্যাদি কবিতায় সমৃদ্ধ গ্রন্থটি। কবিতায় বিরহী আত্মার ক্রন্দন শোনা যায়। একটি মৌলিক প্রশ্নে অভিমান ঝরে পড়ে। অবুঝ প্রেমিকের না বোঝা অথবা অবহেলাÑ যেটাই হোক। প্রশ্ন তাই, তুমি আমার কোন্ প্রিয়জন?
চোখে এতো জল-জানান দেয় দুর্বার প্রেমের আকুতি। প্রিয়জনের অবহেলা অশ্রু ঝরায়, গোপনে। এ যেন এক জীবনের গল্প। অমৃতাক্ষর ছন্দে জেগে উঠেছে, পর্বত প্রমাণ অভিমান। কিন্তু বরফ শীতল নয়। বড় উষ্ণ সে অভিমান। পাঠককে ভাবায়।
শিউলি দিশার কবিতা নাড়া দেবে মন। পাঠককে ভাবায়। মনে হবে আরও একবার পড়ি। কবির লেখনী ফুটে উঠুক বাসন্তী রং নিয়ে। আর দিশা পাক তার জীবনের সমস্ত চাওয়া।