কবিরপুর সরকারি হাই ইস্কুলের ক্লাস সেভেনের ক্যাপ্টেন ফয়সল টিফিন পিরিয়ডের আগে টিফিনের 'বালতি হাতে দোতালায় ওঠার শিড়িতে চড়তেই কাণ্ডটা ঘটল। শিড়ির নিচ দিক থেকে একজন আর উপর দিক থেকে একজন বিচিত্র পোশাক পরা কালো মুখোশ আঁটা ছেলে তলোয়ার বাগিয়ে তার দুইদিকে খাড়া হয়ে গেল। এরা নিশ্চয়ই ভীমরুল আর বোলতা, ফয়সলের দৃঢ় বিশ্বাস, যদিও দেখে ঠিক চেনা যায় না।
তারা দুজনই ছাই-রংএর দুই প্রস্ত করে কাপড় পরা। উপরের কাপড়টার গোল গলায় দুটি করে সেলাই। নিচের কাপড়টা হাঁটুর একটু উপর পর্যন্ত পড়েছে। দুটি কাপড়েরই আগাগোড়া কালো সুতার কাজ, তেরছা সমান্তরাল এক ঝাঁক সেলাই অন্য একঝাঁক তেরছা সমান্তরাল সেলাইকে কাটাকাটি করেছে। কোমরে শক্ত কাপড়ের চওড়া কোমরবন্দ। তার মধ্যে দিয়ে নিচে নেমে গেছে তলোয়ারের খাপ।