একের ডি-র তেতলার ঘরের একটা জানলার পাল্লা খোলা ছিল। হঠাৎ দমকা হাওয়া দিল, ঠাস করে বন্ধ হয়ে গেল কাঠের খড়খড়ি পাল্লাটা। সেই শব্দে চমকে উঠল সবক'টা বাড়ি।
খেঁকিয়ে উঠল একের বি, "আহ, জানলাটা বন্ধ করে রাখতে পারিস না!"
ঘুমের ঘোরে বিড়বিড় করল একের ডি, "ছিটকিনিটা আলগা হয়ে যায়। আটকে দিলেও বন্ধ থাকে না। খুলে যায়।”
একের বি বিরক্তমুখে কিছু একটা বিজবিজ করে বলল, কিন্তু আর কথা বাড়াল না।