মার্কোপোলো-এই নামটি উচ্চারণের সঙ্গে সঙ্গেই আরেকটি শব্দ ঠোঁটের ডগায় আপনা আপনিই এসে যায়-অ্যাডভেঞ্চার। 'অ্যাডভেঞ্চার অব মার্কোপোলো'। অভিযাত্রায় বেরুনোর সময় কতই আর বয়স ছিল তাঁর। কিশোর বয়সী বলতে যা বোঝায়, ঠিক তাই।
দুর্ভাগ্য আজকের পৃথিবীর মানুষের এজন্য যে এই দুর্দান্ত অভিযাত্রীর ছেলেবেলা সম্পর্কে তেমন বিস্তারিত কিছু জানা যায় নি। তবে, পূর্ণবয়সী মার্কোপোলোর শক্তি, সাহস, অপরিমেয় কৌতূহল, নতুন কিছু আবিষ্কারের দুর্বার আকর্ষণ থেকে তাঁর ছেলেবেলা সম্পর্কে মোটামুটি একটা ধারণা করা যায়।
এমন একদিন ছিল যখন ভারতবর্ষ অথবা ইউরোপের মানুষজন কেউ কারো খবর রাখতো না। ভারতে পাঠান সাম্রাজ্য এবং বিশাল তাতার সাম্রাজ্যের ছোটবড় দেশগুলোতে যুদ্ধবিগ্রহ, অশান্তি, লুটতরাজ, অন্যের সম্পত্তি দখল এসব হরহামেশা লেগেই থাকতো। তাই বলে সেই তখন ব্যবসা-বাণিজ্য বন্ধ ছিলো, এমন নয়।