নাম তার শরিফা বানু। সবাই ডাকে 'শরিফা'। কেউ কেউ আদর করে ডাকে, শরি। চেহারা মায়াবী। গায়ের রং, আহা মরি তেমন কিছু নয়। স্বাস্থ্য ক্ষীণ। শারীরিক গড়ন দুর্বল। শিশুকাল থেকেই হালকা ছিপছিপে শরিফাকে বয়সের তুলনায় ঢের ছোটো দেখায়। বয়স তার সাত বছর, কিংবা কিছু বেশি বা কম। এ শরিফাই গল্পের প্রধান আকর্ষণ।
শরিফা যখন কাজের মেয়ে হিসেবে নিয়োগ পায়, তখন তার বয়স সাত অতিক্রম করে করে। জহির সাহেবের বাসার কাজের মেয়ে, শরিফা বানু শরি।
শরিফার পিতার নাম, শহিদ কয়াল। একজন নিরেট গেঁয়ো, অশিক্ষিত এবং দুই স্ত্রীর গর্বিত স্বামী। স্ত্রীদ্বয়ের কেউই লেখাপড়া জানে না। প্রথম স্ত্রী, হাসিনা বানুর একমাত্র সন্তান, শরিফা বানু। দ্বিতীয় স্ত্রী ফিরোজা বিবির দুই সন্তান; প্রীতিবিবি ও ইতিবিবি। শরিফা বানু, পিতামাতার জ্যেষ্ঠ সন্তান।