নীল আর্মস্ট্রং যখন চাঁদের বুড়ির কাছে গিয়ে দাঁড়ায় তখন বুড়ি একগাল হেসে বললো, তুই কে রে ছেলে? আমার নাম নীল। পৃথিবী থেকে এসেছি। আহারে সোনা, কতটা পথ পাড়ি দিয়ে আসতে হয়েছে তোকে। পৃথিবী তো এখান থেকে অনেক দূরে। খিদে পেয়েছে তোর? তোমার কাছে খাবার আছে বুড়িমা?
আমার কাছে সব সময় পান্তাভাত আর ইলিশ মাছ ভাজা থাকে। ওই যে মাটির হাঁড়ি দেখতে পাচ্ছিস, ওটায় থাকে। কখনো খালি হয় না। খালি হয় না কেন? রহস্য কি? তুমি কি জাদু জানো বুড়িমা? তুমি যদি জাদু জানো তাহলে আমি তোমার কাছ থেকে জাদু শিখবো। পৃথিবীতে ফিরে সবাইকে জাদু দেখিয়ে তাক লাগিয়ে দেবো। পৃথিবীর মানুষ নীলের অবাক করা মুখের দিকে তাকিয়ে থাকবে।