আজ রোববার।
সপ্তাহের প্রথম দিন। ভেবেছিলাম, দুপুরবেলা এয়ারপোর্টের রাস্তায় প্রচণ্ড জ্যাম হবে। কিন্তু রাস্তায় বেরিয়ে বুঝতে পারলাম, কোনো এক অজ্ঞাত কারণে রাস্তায় জ্যাম নেই। ফলে রিপোর্টিং টাইমের বেশ আগেই এয়ারপোর্ট পৌঁছলাম।
মনের মধ্যে একটু সন্দেহ, বিমান ঠিক সময় যাবে কিনা। বাড়ি থেকে বের হওয়ার সময় ফোন করেছিলাম বিমানের কাউন্টারে। বেশ সুন্দর কণ্ঠের একজন মহিলা বলেছিলেন, ফ্লাইট অন টাইমে আছে।
যে ভদ্রমহিলা বিমানের কাউন্টারে ছিলেন, তিনিও চেক ইন করার সময় হাসিমুখে বললেন, স্যার ফ্লাইট অন টাইম রয়েছে। আমি ভদ্রমহিলাকে অনুরোধ করেছিলাম, বিমানে সামনের দিকে একটা সিট দিতে। আর সিট যেন অবশ্যই ডানদিকে হয়।