একটা ৩৫ মিমি ক্যামেরার পেছনে দাঁড়িয়ে আছে প্রাচ্য। বাম হাতের দু'আঙুলের ফাঁকে পুড়ছে সিগারেট। ডান হাতে থাকা চিত্রনাট্য পড়ছে গভীর মনোযোগ দিয়ে। সামনে কয়েকজন কলাকুশলীর জটলা। হঠাৎ সে হাঁক ছাড়তেই সামনের লোকজন দু'পাশে সরে গেল। দাঁড়িয়ে আছে শুধু লাস্যময়ী এক তরুণী। আয়নায় মেকআপ দেখে নিচ্ছে। প্রাচ্য জানতে চাইল, লাইট-ক্যামেরা রেডি? হ্যাঁ-সূচক জবাব পেয়ে সে নির্দেশ দেয়, রোলিং... থ্রি-টু-ওয়ান... অ্যাকশন...।
তরুণীর সংলাপ ঠিকমতো শোনা যাচ্ছে না। তার মুখটাও ফেড আউট হয়ে যাচ্ছে। এর মধ্যে আবার কে যেন তার নাম ধরে ডাকছে, প্রাচ্য-প্রাচ্য। প্রচণ্ড বিরক্ত হয় সে। এ সময় কে ডাকছে? বুঝে উঠতে-না উঠতেই তার ঘুম ভেঙে যায়। ও তাহলে এতক্ষণ স্বপ্ন দেখছিলাম? নিজেকেই প্রশ্ন করে সে। দৃশ্যটা এত্ত জীবন্ত যে, এখনও তার ঠিক বিশ্বাস হচ্ছে না ওটা স্বপ্ন ছিল। তার মনে হয়, কেন স্বপ্নটাই বাস্তব হয়ে বর্তমানটা স্বপ্ন হলো না?