ঘুম থেকে উঠে ছাগল দুটোকে মাঠের ঘাসে বাঁধতে নিয়ে যাচ্ছে বাবুল। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এটা ওর প্রথম কাজ। ঘুম ঘুম চোখে পথ চলতে চলতে সকালের শীতল বাতাস শরীর ছুঁয়ে দেয়। একটু শীত শীত লাগে তখন। তবু ভালোই লাগে বাবুলের। ওর দু'চোখে আলতো পরশ বুলিয়ে দেয় ঘুম। বাবুলের তখন মায়ের ওপর খুব রাগ হয়। প্রতিদিন এত সকালে ঘুম ভাঙিয়ে দেয় মা!
মায়ের ওপর এখনো রাগ ধরল বাবুলের। তারপর ওর সমস্ত রাগ গিয়ে পড়ল ছাগল দুটোর ওপর। আর তাই ছাগল দুটোর রশি ধরে শক্ত করে টান লাগাল। ছাগল দুটোরও কি ওর মতো ঘুম চেপে আছে চোখে? কেমন গা ছেড়ে হাঁটছে!
দড়িতে টান খেয়ে ছাগল দুটোর পায়ে যেন জোর এলো। দৌড়াতে লাগল। এবার বাবুলকে পেছনে ফেলে ছুটতে লাগল। অগত্যা ওকেও ছাগলের রশির শেষপ্রান্ত মুঠোয় নিয়ে ওদের পেছনে পেছনে ছুটতে হলো। এভাবে ছুটতে ছুটতেও ওর চোখের ঘুম যেন সরে না। চুম্বকের মতো লেগে থাকে।