১৮৭৬ সালের ১২ই জানুয়ারি আমেরিকা যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো নগরে জ্যাক লন্ডন জন্মগ্রহণ করেন। জন্মলগ্ন থেকেই প্রতিকূলতা ছিল জ্যাকের সঙ্গে, নইলে তাঁর নাম তো জ্যাক চ্যানে হিসেবেই খ্যাতি লাভ করার কথা। সংগীত শিক্ষিকা মা ফ্লোরা ও বহুমুখী প্রতিভার অধিকারী অধ্যাপক ডব্লু. এইচ. চ্যানের সন্তান ছিলেন তিনি। জ্যাকের জন্মের কিছুকাল পরে বিচ্ছেদ ঘটে মা ফ্লোরার সঙ্গে অধ্যাপক চ্যানের। এরপর ফ্লোরা বিপত্মীক জন লন্ডনকে বিয়ে করেন। ছ'বছর বয়সে জ্যাক জানতে পারেন জন লন্ডন তাঁর নিজের পিতা নন। সৎপিতা জন লন্ডন ছিলেন একজন ব্যক্তিত্বহীন সাধারণ মানের মানুষ, জ্যাকের জীবনে তাঁর কোনও প্রভাবই পড়েনি। বরং অধ্যাপক চ্যানের চারিত্রিক গুণাবলি লক্ষ্য করা গিয়েছে জ্যাকের মধ্যে।