‘ইশকে মুস্তফা’ গ্রন্থটি কেবল কলমের আঁচড়ে ফুটিয়ে তোলা কোনো গতানুগতিক বহিঃপ্রকাশ নয়; এটি দু-জাহানের সরদার, রাসূলে আরাবী, হযরত আহমাদে মুস্তফা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর প্রতি আমার হৃদয় নিংড়ানো ভালোবাসার এক ক্ষুদ্র প্রয়াস। এটি আমার চোখের প্রশান্তি, হৃদয়ের আকুতি, আত্মার গভীর নিবেদন। এ এক শ্রেষ্ঠ, বিশুদ্ধ ভালোবাসার গল্প —সেই মহামানবের প্রতি, যাঁকে ভালোবাসা ব্যতীত ঈমান পূর্ণ হয় না।
এটি কেবল একটি বই নয়— এ আমার প্রেমের প্রার্থনা, অতল শ্রদ্ধার স্নিগ্ধ রূপ ও অনিঃশেষ ভালোবাসার করুণ অভিব্যক্তি। এখানে আমি নবীপ্রেমকে তুলে ধরার চেষ্টা করেছি পবিত্র কুরআন ও হাদীসের আলোকে, রাসূলের প্রতি সাহাবায়ে কিরামের অন্তর্জাগতিক ভালোবাসার প্রেক্ষাপটে এবং আমাদের প্রিয়নবী صلى الله عليه وسلم-এর প্রতি উম্মাহর দায়িত্ববোধের ছায়ায়। বইয়ের প্রতিটি অধ্যায়ে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি প্রিয় নবীজিকে ভালোবাসার আমলী নিদর্শন, সাহাবায়ে কিরামের দুঃসাহসিক ভালোবাসা, নারী সাহাবীদের হৃদয়বিগলিত আর্তি, দরূদের মাধুর্য, সুন্নাহর আলো ও উম্মাহর প্রতি নবীজির অশ্রুসিক্ত মমতা।