ইথিকা ঘুমিয়ে ঘুমিয়ে খুব মিষ্টি একটা স্বপ্ন দেখছে।
ইথিকার বয়স উনিশ। সে যে স্বপ্নটি দেখছে, তা ওই বয়সের সব মেয়েই দেখে থাকে।
ইথিকা দেখল, সে অদ্ভুত সুন্দর একটি নৌকায় করে চলেছে। কোথায় চলেছে, জানে না। নৌকাটি আগাগোড়া নীল রঙের মখমল দিয়ে মোড়ানো। মখমলের নৌকা জলে ভাসতে পারে না। অথচ এই নৌকা ভাসছে। স্বপ্নের মধ্যে দারুণ মানিয়ে গেছে দৃশ্যটি।
নৌকা যে চালাচ্ছে, তার মুখ ভাল করে দেখা যায় না। চারপাশে কেমন আলোআঁধারি। ইথিকা জানতে চাইল, 'আমরা কোথায় চলেছি?'
আশ্চর্য ভারী গলায় কেউ জবাব দিল, 'অচিনপুর।'
ইথিকার বুকের ভেতরটা শিরশির করে উঠল। মানুষের গলা এত সুন্দর সে মুখ বাড়িয়ে লোকটাকে দেখার চেষ্টা করল। কিন্তু দেখতে পেল না।