এমনি বইয়ের ভূমিকা লেখা বেশ কষ্টকর (আমার জন্য) আর জোকসের বইয়ের ভূমিকা লেখা তো আরও কষ্টকর। একটা কাষ্ঠ হাসি দিয়ে যদি ভূমিকা লেখাটা বাদ দেওয়া যেত তাহলে বেশ হতো। মুশকিল হচ্ছে প্রকাশকরা পাণ্ডুলিপি পাওয়ার পর ফোন করেন 'ভূমিকা দিলেন না?' আমি হয়তো বললাম, ভূমিকা ছাড়াই এবার বের করুন না। তখন তাদের দ্বিতীয় ফোন 'ভূমিকা ছাড়া তো ইনার মেলানো যাচ্ছে না' (বইয়ের প্রথম আট পাতা হচ্ছে বইয়ের ইনার, সাধারণত বই শুরু হয় ৯নং পাতা থেকে)। বিষয়টা বরং একটা জোকসের ভিতর দিয়ে ব্যাখ্যা করা যেতে পারে।
এক লেখক একটা উপন্যাস লিখেছে। বইটা ছোট হয়ে যাচ্ছে বলে প্রকাশক ফোন করে লেখককে বলেছে, 'ভাই বইটা আরও দু-এক পাতা লিখলে ভালো হতো। ইনার মেলাতে পারছি না।' লেখক তখন প্রকাশককে বলল, 'ভাই, আর এক দুই পাতা লিখতে পারলে তো বইয়ের ভূমিকাই লিখতাম।'
যাহোক, আবার আমার নতুন একটা জোকসের বই বেরুচ্ছে। চেষ্টা করেছি নতুন জোকস দিতে। যে জোকস আমার কাছে নতুন লেগেছে সেগুলোই এখানে প্রকাশ করেছি। তবে আমার 'জোকস-স্মৃতি' যদি আমার সঙ্গে প্রতারণা করে তাহলে আমি নাচার!
সবাইকে মহান একুশের শুভেচ্ছা।