মণি সিংহ ছিলেন উপমহাদেশের শ্রমিক-কৃষক আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব। কালক্রমে তিনি সমগ্র ভারতে কৃষক নেতা হিসেবে পরিগণিত হন। তিনি ছিলেন পূর্ব বাংলার উত্তর-পূর্বাঞ্চলে টংক আন্দোলনের প্রধান নেতা। নিজ পরিবারের বিরুদ্ধেই তিনি এই আন্দোলন করেছিলেন। পাকিস্তান সরকার টংক প্রথা বিলোপ ও জমিদারি উচ্ছেদ আন্দোলনের কারণে তাঁর বিরুদ্ধে খড়গহস্ত হয়। তিনি কৃষকদের ন্যায্য অধিকার আদায়ে গৌরবময় নানকার ও তেভাগা আন্দোলনেও উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। পাকিস্তান শাসনকালের অধিকাংশ সময় তাঁকে আত্মগোপন বা কারান্তরালে থাকতে হয়েছে। তিনি ছিলেন বাংলাদেশের অন্যতম স্থপতি। মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশের প্রবাসী সরকারের অন্যতম উপদেষ্টা। মণি সিংহ কেবল আমাদের দেশের নয় তিনি ছিলেন বিশ্বব্যাপী মানবমুক্তির সংগ্রামের এক অগ্রনায়ক। এই জন্যই ইতিহাসে তিনি চিরঞ্জীব হয়ে থাকবেন।