র
বির কথা শুনে সাগরের চোখ দুটো জ্বলে উঠলো। ঝট করে দাঁড়িয়ে সে অস্থির কণ্ঠে বললো, 'ঠিক বলছিস তুই?'
রবিও উঠে দাঁড়াল, হাত বাড়াল সাগরের দিকে। সাগরের কাঁধে হাত রেখে মৃদু চাপ দিয়ে বললো, 'হান্ড্রেড পার্সেন্ট সিওর আমি। 'ডুবুরি বুড়ো' ঘটনার মূল নায়ক। ওকে ফলো করলে আমরা কেসটার গিট্ খুলতে পারব।'
'তুই সিওরতো যে, ডুবুরি বুড়োই রাতে নদীতে নেমেছিল?'-রবির চোখে চোখ রেখে বললো সাগর, 'এমনও তো হতে পারে যে, বুড়ো নদীতে নেমেছিল মাছ ধরতে।'
রবি হাসলো। বললো, 'সাগর, মাঝরাতে কেউ পায়রা নদীতে মাছ ধরতে নামে না। পায়রা নদীতে স্রোত অবশ্য এমন নয় যে, মাঝরাতে নেমে ডুব দেয়া যাবে না। তবে আমার কথা হচ্ছে, দিনে না নেমে বুড়ো মাঝ রাত্তিরে কেন মাছ ধরতে নামবে আবার নদীতে? তাও ডুবুরির পোশাক পরে! নদীতে নামার আগে আমি ওঁকে পোশাক গায়ে চাপাতে দেখেছি।'