বিধবা মায়ের একমাত্র ছেলে কামাল। এবার অষ্টম শ্রেণি থেকে নবম শ্রেণিতে উঠল। উঠল বটে কিন্তু নতুন ক্লাসে ভর্তি হতে পারল না। তার মায়ের অসুখে বেশ কিছুটা ধানি জমি বেরিয়ে গেল। বাকি যে জমিটুকু আছে তাতে সোমবছরের পেটের ভাতটুকু জুটতে পারে, কিন্তু বাড়তি খরচ চালানো মুশকিল। তাই নতুন ক্লাসে উঠতে গিয়ে প্রথম ধাক্কা খেলো ভর্তি ফি-তে। দ্বিতীয় ধাক্কা খেলো এক গাদা বই-খাতার তালিকা দেখে। মাকে কাঁদতে কাঁদতে গিয়ে বলল, পড়াশোনা চালাতে হলে এই এতগুলো টাকা লাগবে।
মাও জানত এই টাকা লাগবে এবং ছেলের পড়ার এখানেই ইতি। ছেলের কান্না দেখে বিধবা মাও কাঁদল। কিন্তু কাঁদলে তো আর টাকা জোগাড় হবে না। তাই চোখ মুছে ছেলেকে সান্ত্বনা দিলো টাকা সে জোগাড় করে দেবে। পাড়ার বহু লোকের কাছে ধার চাইল মা, কিন্তু এক সাথে শ' খানেক টাকা কেউ দিতে রাজি হলো না। আর সবার অবস্থাই তো এক। অত টাকা দেবে কোথা থেকে! রাত্রে খেতে বসে কামাল মাকে জিজ্ঞেস করে, টাকা পেয়েছ মা?