প্রথমে দোয়েল পাখি
কেউ কেউ বলে, সকালবেলার পাখি। পাখিটা ছোটই। কিন্তু সবাই বলে, ওটা দোয়েল। মামা বলে, শাদা কালো পাখি। যদিও বর্ষা কিছুতেই দোয়েল বলতে পারে না, বলে-'দোল পাখি'। তো এই দোলপাখিটা ডেকে উঠলেই, বর্ষার ঘুম ভেঙে যায়।
বর্ষা আবার ঘুমিয়ে পড়ে। দোলপাখিটা আবার ডেকে ওঠে, কিন্তু বর্ষা আর ঘুমায় না। সে বিছানা থেকে উঠে, মামার ঘরে গিয়ে দ্যাখে, মামাও ঘুমোচ্ছে। ঘুমিয়ে থাকা মামার কানে আঙুল দিতেই, মামার ঘুম ভেঙে যায়। কিন্তু চোখ না খুলেই মামা টের পেয়ে বলে-'কিরে কখন উঠলি?'
-'মামা, দোলপাখিটা আজকেও সেই কথা বলল।'
-'কি বলল?'
-'বলল যে, বর্ষা, আমি মরে গেলে তুই আমাকে দেখতে যাবি?'
-'তুই কি বললি?'
-'আমি বললাম, তুমি কোনোদিন মরবে না।'