"কেউ মারা গেলেই একজন দেবদূত নেমে আসেন মর্ত্যভূমিতে, মৃত শিশুটিকে কোলে তুলে নেন, তারপর নিজের দুই বিশাল ধবধবে ডানা মেলে উড়ে চলেন তাকে নিয়ে, উড়ে চলেন সেই সব জায়গার উপর দিয়ে যেগুলো মৃত্যুর আগে বড়ো প্রিয় ছিল শিশুটির। দেবদূত মুঠোভর্তি ফুলও জোগাড় করে নেন এদিক-ওদিক থেকে, যান ঈশ্বরের কাছে; উদ্দেশ্য-যেন তারা পৃথিবীর চেয়ে আরো অনেক বেশি সুন্দর হয়ে ফুটতে পারে বেহেস্তে। যে- সব ফুল ঈশ্বরকে খুশি করতে পারে তারা তাঁর আশীর্বাদে কণ্ঠস্বরের অধিকারী হয় এবং তার পরে করুণাঘন ঐকতান-দলে যোগদান করতে পারে।"
মৃত শিশুকে স্বর্গে নিয়ে যেতে-যেতে এই কথাগুলোই বলে যাচ্ছিলেন ঈশ্বরপ্রেরিত দেবদূত, আর শিশুটি যেন স্বপ্নের ঘোরে তা শুনে যাচ্ছিল।