সাড়ে দশটা বাজে। ক্লাসের ঘণ্টা পড়ল। কাদের স্যার ক্লাসে ঢুকছেন। চরম হইচই হচ্ছে। কিন্তু আমি নেই। আমি স্কুলের বেলা হিসাব করে প্রতিদিনের মতো বেরিয়েছি কিন্তু ক্লাসে যাইনি। কুষ্টিয়া কোর্ট স্টেশনে এসে মেইল ট্রেনের অপেক্ষায় বসে আছি। আজ পনেরো মিনিট দেরিতে ট্রেন আসবে। ট্রেন এলেই উঠে যাব। স্কুলের ব্যাগ কাঁধে ট্রেনের অপেক্ষায় থাকলে মানুষের মনে নানা সন্দেহ হয়।
অনেকেই ধরে নেয় স্কুল ফাঁকি দিয়ে কোথাও যাচ্ছি। আমার সঙ্গে হিমেল আছে। ওর উপস্থিত বুদ্ধি ভালো। আমাদের হাবভাবে বুঝতে দেব না। স্টেশন প্ল্যাটফরমের উপর চারপাশে কাপড় ঢাকা দোকানে গিয়ে বসি। রোজার দিনে কাপড় দিয়ে ঢাকা দোকানে বসে চা খাওয়ার বড়ো ইচ্ছে আমার। কিন্তু কোনোদিন সুযোগ পাইনি। আজ হাতে এসেছে সুযোগ। গরম চা দ্রুত খাওয়া বেশ কঠিন। ট্রেনের হুইসেল শুনে আধ খাওয়া কাপটি রেখে দুই টাকা দিয়ে ছুট দিলাম।