ছয়তলা বাসার জানালার পাশে যে ছোট্ট ছেলেটি দাঁড়িয়ে আছে তার নাম নিশাত। সারাটা দিন নিশাতের কাটে বাইরে তাকিয়ে থেকে। কখনও জানালার পাশে, কখনও বারান্দায় দাঁড়িয়ে সে আকাশ দেখে। কী সুন্দর আকাশ! একটা বড় নীল বাটির মতো। বাটিটি যেন উপুড় হয়ে আছে। সেই বাটির দিকে তাকিয়ে থেকে সে ভাবে কত বড় আকাশ! সেই আকাশে যখন কোনো পাখি উড়তে থাকে তখন নিশাত অপলক চোখে তাকিয়ে থাকে। পাখি দেখতে ওর ভালো লাগে।
পাখিরা কীভাবে আকাশে উড়ে ভাবতে ভালো লাগে। কোনো কোনো পাখি অনেকক্ষণ আকাশের অনেক উপরে উড়ে। আবার কখনও কোনো পাখি ফুরুৎ করে উড়ে চলে যায়। কী নাম এসব পাখির? কখনও বাসার পাশে গাছটায় পাখি বসে গান গায়। আবার ওড়াউড়ি করে। কত বিচিত্র রঙের পাখি! এসব পাখির কি নাম আছে যেমন নিশাতের নাম আছে। কী নাম এসব পাখির? নিশাত ভাবে, যদি পাখির মতো আকাশে উড়তে পারতাম! কিন্তু আমি কীভাবে উড়ব? আমি পাখি নই। আমার তো পাখির মতো পাখাও নেই।