সাহিত্যের সবচেয়ে অবহেলিত মাধ্যমটির নাম অনুবাদ। অথচ মানুষের জন্মের পর ভাষা আয়ত্ত করা প্রক্রিয়াটিই এক ধরনের অনুবাদ। অন্যদিকে, পাঠক ও লেখক, উভয়ের কাছে সবচেয়ে কাঙ্ক্ষিত মাধ্যমটিও অনুবাদ। ভিন্ন জাতি ও ভাষাগোষ্ঠীর মধ্যে 'মৈত্রীযোগের' জন্য অনুবাদের কোনো বিকল্প নেই। অথচ অনুবাদের স্বভাব ও লক্ষা সম্পর্কে আমরা স্পষ্ট করে জানি খুবই কম। তিনটি ভাষার অভিজ্ঞতা থেকে কবি, প্রাবন্ধিক ও অনুবাদক রাজু আলাউদ্দিন অসামান্য এই গ্রন্থে অনুবাদের শিরা-উপশিরা ও আত্মার স্পন্দনকে ভাষিক স্বচ্ছতায় আর উপলব্ধির গভীরতায় তুলে ধরেছেন পাঠকদের সামনে। মৌলিক যেকোনো রচনাই যে এক অর্থে অনুবাদ আর অনুবাদও যে মৌলিকতারই সহোদর, পরস্পর সম্পূরক এই সম্পর্কটি উন্মোচিত হয়েছে এই গ্রন্থে। অনুবাদ কীভাবে ভাষা ও সাহিত্যকে সমৃদ্ধ করে, কীভাবে ব্যর্থ অনুবাদ মূলের বার্তা ও লক্ষ্যকে করে বিনষ্ট, তারও কিছু দুঃসাহসী নজির পাঠক দেখতে পাবেন এই গ্রন্থে। অনুবাদের আত্মা ও শরীরকে জানার জন্য এই গ্রন্থের কোনো বিকল্প নেই।