ভাইয়াকে নিয়ে পারা যাচ্ছে না আর। কখন কী সব উদ্ভট কথা মনে হয় সে-ই জানে ভালো! এই মুহূর্তে তার মনে হয়েছে সে একটা বিড়াল পুষবে। বিড়াল খারাপ জিনিস না। ওটা যথেষ্ট মিষ্টি একটা প্রাণী। ওটাকে বাসায় রাখতে আমাদের কারোর কোনো আপত্তি থাকার কথা না। কিন্তু মুশকিলটা অন্য জায়গায়। ভাইয়ার অ্যালার্জীর সমস্যা আছে।
সেজন্য তাকে সারাবছরই ওষুধ খেতে হয়। এখন সে যদি একটা বিড়াল এনে বাসায় তোলে, তাহলে ওই বিড়ালের লোম থেকে তার সমস্যাটা বাড়বে বৈ কমবে না। আর তাছাড়া ঢাকার ছোটখাট ফ্ল্যাটবাড়িতে বিড়াল পোষার যন্ত্রণাও কম না। ওইটুকু জায়গার মধ্যে মানুষ কোথায় থাকবে, আর বিড়ালই বা কোথায় থাকবে? উপরন্তু ভাইয়ার আছে একটা ময়না পাখি, দুটো বড় বড় অ্যাকুরিয়াম ভর্তি মাছ, এক জোড়া কবুতর আর এক জোড়া লাভ বার্ড। এগুলোর যত্ন নিতে গিয়েই বড় খালামণিকে হিমশিম খেতে হয়। এখন যদি ভাইয়া আরেকটা বিড়াল এনে বাসায় তোলে, তাহলে বড় খালামণির খুবই করুণ অবস্থা হবে।