লোকটি অনেকক্ষণ ধরে আমাকে ফলো করছে। তার ধারণা আমি ব্যাপারটা আঁচ করতে পারিনি। আমাকে এত বোকা ভাবছে কেন, বুঝতে পারছি না। একবার ভাবলাম তাকে ডেকে বলি-এই যে ভাই আপনি আমাকে ফলো করছেন কেন? কোনো সমস্যা? কিছু বলবেন? কিন্তু লোকটার চেহারা-সুরৎ দেখে কথা বলতে ইচ্ছে করছে না। চোখে কালো চশমা।
পরনে কালো প্যান্ট, সাদা ময়লা শার্ট। ঘাড়ে ঝুলিয়েছে লাল রঙের ময়লা মাফলার। ডান পায়ে মনে হয় সমস্যা আছে। তা নাহলে খুড়িয়ে হাঁটবে কেন? কেউ কালো চশমা পরলে আমার মেজাজ বিগড়ে যায়। এটা ফ্যাশনের নামে বাড়াবাড়ি। আরে বাবা, আল্লাহ চোখ দিয়েছে দেখার জন্য। তাকে কালো পর্দা দিয়ে ঢেকে রাখার কোনো মানে হয়? যত্তসব। সামনে বেশ ভিড়। সি বিচে স্যুটিং হবে। পুলিশের পোশাক পরা কয়েকজন মানষ ভিড সামলানোর চেষ্টা করেও পারছে না।