এক শুক্রবারে সত্যি ক্লাব গড়া হলো। কিন্তু গড়ার আগে গোড়ার কথা থাকে। আর এই ক্লাবটি হঠাৎ করে গড়া, তাই এর গোড়ার কথাও বেশ মজার।
বিপুল ও জয় দুই ভাই। বিপুল সেভেনে, জয় পড়ে ক্লাস ফোরে। দু'জনের বয়সের ফারাক ঠিক তিন বছর। অর্থাৎ ওদের দু'জনের জন্ম তারিখ এক, ২৫ ডিসেম্বর। বড়দিন। সব বছর হয় না নানা কারণে। কিন্তু যে বছর জন্ম বার্ষিকী পালিত হয় সেবার একসঙ্গে দু'জনের হয়। অনুষ্ঠানে আগত মেহমানরা অনেকেই বিশ্বাস করতে চায় না। অথবা ঠাট্টা করবার জন্য বলেন, খরচ বাঁচাবার জন্ম জন্য বেশ বেশ ফন্দি এটা। ওদের আব্বা অভিযোগ শুনে হাসেন। কিন্তু মা প্রতিবাদ করেন।