বর্ষা শেষে শরৎ আসে। ষড়ঋতুর বাংলাদেশে ভাদ্র-আশ্বিন এই দুই মাস শরৎকাল। শরৎকালে প্রকৃতি হয় কোমল, শান্ত, স্নিগ্ধ, উদার।
শরতে নীল আকাশে ভেসে বেড়ায় পেঁজা পেঁজা মেঘ। ক্ষণিকের জন্য মাঝেমধ্যে বৃষ্টিপাত হয়। চলে বৃষ্টি-রোদের লুকোচুরি খেলা। পড়ন্ত বিকেলে পুবাকাশে হেসে ওঠে রংধনু। আকাশে-বাতাসে, দূর্বাঘাসে শরৎরানি তার স্নিগ্ধ পরশ বুলিয়ে দেয়। শাপলা, শালুক, পদ্ম, জুঁই, চামেলি, কেয়া আর কাশফুলেরা সৌরভ ছড়িয়ে শরৎরানির উপস্থিতি জানিয়ে দেয়।
কৃষকের মনেও আনন্দ এনে দেয় শরৎকাল। হেমন্তী (হৈমন্তী) ফসলের সম্ভাবনার স্বপ্নে জমি চাষে মেতে ওঠে কৃষকেরা। নদীর বুকে মাঝি ভাটিয়ালি গান গেয়ে পালতোলা নৌকা ছাড়ে মনের আনন্দে। শরৎ সকালে শিশির ভেজা শিউলি ফুল অনুপম সৌন্দর্য নিয়ে ঘাসের বুকে ঝরে পড়ে।
অসাধারণ সৌন্দর্যে ভরপুর শরৎ।