চলে আসার সময় বারবার তাকিয়ে পেছনের দৃশ্যাবলি হৃদয়ে তুলে নিতে হয়। যেন কখনো ঝাপসা হয়ে না যায়। প্রিয়জনের সাশ্রুবিদায়, বন্ধুর শেষ আলিঙ্গন, পরিচিতজনের মুখে শুভেচ্ছার স্মিত হাসি, সব মনে আছে। মাত্র কটি বছর দেখতে-দেখতে কেটে যাবে চিরকালের এই সান্ত্বনা মনে প্রবল না-হলে মূল ছিঁড়ে আসা কত কষ্টের সে আরো ভালো বুঝত।
কিন্তু উত্তেজনাও ছিল — আশার স্বপ্নের অজানার, আদর্শের। কৈশোর ও যৌবনের সমাজকল্যাণচিন্তা মনে প্রবল ছিল। আহরিত জ্ঞান স্বার্থসেবী হবে না এই বোধ তীব্র ছিল। তাই সে ভেবেছিল ফিরবেই একদিন।