'আচ্ছা প্রিন্স, তাহলে তো জেনোয়া ও লুক্কা এখন বোনাপার্তদের পারিবারিক সম্পত্তি বিশেষ। কিন্তু আমি আপনাকে সাবধান করে দিচ্ছি, একেও যদি আপনি যুদ্ধ না বলেন, এখনো যদি সেই খ্রিস্টবৈরীর-আমি সত্যি বিশ্বাস করি যে সে লোকটি খ্রিস্টবৈরী-জঘন্য আচরণ ও সন্ত্রাসকে সমর্থন করেন, তাহলে আপনার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক থাকবে না, আপনি আমার বন্ধু থাকবেন না, বা আপনি যে নিজেকে আমার 'বিশ্বস্ত দাস' বলে প্রচার করে থাকেন তাও আর থাকবেন না। কিন্তু আপনার হল কী? মনে হচ্ছে আপনাকে খুব ভয় পাইয়ে দিয়েছি-বসে পড়ুন, আর সব খবর আমাকে খুলে বলুন।'
১৮০৫ সালে জুলাই মাস, বক্তা খ্যাতনামা আন্না পাভলভনা শেরার, ভদ্রমহিলা সম্রাজ্ঞী মারিয়া ফিয়দরভনার প্রধান ও প্রিয় সখী। কথাগুলো বলা হল প্রিন্স ভাসিলিকে, ভদ্রলোক উচ্চপদমর্যাদার অধিকারী, আজকের বৈঠকে সেই প্রথম সমাগত অতিথি। আন্না পাভলভনা কয়েকদিন যাবৎ কাশিতে ভুগছে। মহিলা নিজে অবশ্য বলেছে যে সে 'লা গ্রিপ্পে'তে ভুগছে, 'গ্রিল্পে' কথাটা সেন্ট পিটার্সবুর্গে নতুন আমদানি হয়েছে, শুধু ভদ্রলোকরাই কথাটা ব্যবহার করে থাকে।