সাগর পাড়ে হোটেল। হোটেলটা ওরা খুঁজে বের করেছে গাইড বুক ঘেঁটে। শুক্রবার রাতেই চলে এসেছে শান্তা। মার্ক সঙ্গে আসতে পারেনি। একটা রাত শান্তাকে এখানে একাই কাটাতে হবে। আগামিকাল শনিবার দুপুরের দিকেই চলে আসবে মার্ক। কাঁধের ব্যাগটা রুমে রেখে বেরিয়ে পড়লো শান্তা। অজানা অচেনা পথে কিছুক্ষণ ঘোরাঘুরি ক'রে সে আবার ফিরে এলো হোটেলের ডাইনিং রুমে।
কেবল সন্ধ্যা হয়েছে, সাড়ে সাতটা বাজে, রেস্টুরেন্ট এখনো ফাঁকা। একটা টেবিলে গিয়ে বসলো শান্তা, অপেক্ষা করতে লাগলো। দুজন ওয়েট্রেস কিচেনের দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। কাস্টমারের দিকে ওদের খেয়াল নেই। এত দূর থেকে চেঁচিয়ে ডাকাটা ঠিক হবে না, শান্তা উঠে ওদের কাছে গেল। শুনতে পেল এক ওয়েট্রেস অন্য ওয়েট্রেসকে বলছে, 'শুনেছিস তো? ভয়াবহ ব্যাপার! আমি ওদের চিনতাম। হঠাৎ করেই লোকটা উধাও হয়ে গেল। টিভিতেও নিখোঁজ বিজ্ঞপ্তি দিয়েছিল।'