নাজিব কিলানি আমার প্রিয় মানুষ। কিলানি সাহিত্য আমার প্রিয় পাঠ। নাজিব কিলানি সব শ্রেণির পাঠকের লেখক। তবে তার বেশির ভাগ লেখা কিশোর ও যুবক শ্রেণির জন্য। কারণ তারাই আমাদের প্রাণশক্তির উৎস। নাজিব কিলানি পেশায় ডাক্তার ছিলেন। কিন্তু সাহিত্য তার পিছু ছাড়েনি এক মুহূর্তের জন্যও। তিনি সাহিত্য করতেন বিশেষ নেশায়। অজানা মোহে। কিলানির লেখা গল্প-উপন্যাস যখন বিশ্বময় ঝড় তুলেছে ঠিক তখনই ইসলামের সম্মোহনী হাতছানি তাকে সচকিত করে। তিনি সম্বিত ফিরে পান। তার শরীরের লোমকুপ শিহরে উঠে। তার লিখা এবার নতুন এক মাত্রায় স্নাত হয়। নাজিব কিলানি এবার বিশ্বাসনির্ভর সাহিত্য রচনায় প্রাগ্রসর হতে থাকেন। তার গল্প-কবিতা-উপন্যাস সবকিছুতেই পাওয়া যায় বিশ্বাসের প্রলেপ স্পর্শ। এ সময় তিনি সাহিত্যের ইসলামিকরণ প্রক্রিয়াকে ত্বরান্বিত করার কাজে হাত দেন। প্রতিষ্ঠিত করেন সাহিত্য সংগঠন। সংগঠনের দায়িত্বভার তুলে নেন নিজ কাঁধে। গড়ে তোলেন বিশ্বাসী গল্প ও উপন্যাসের সুবিপুল সম্ভার।