অনেক দিন আগের কথা বলছি। ১৬৭২ সাল। হল্যান্ডের ছোট একটি শহর। নাম ডর্ট। সেখানে একজন সত্যিকার সুখী ব্যক্তি বাস করতেন। এই পৃথিবীতে সত্যিকার সুখী লোক সংখ্যায় খুব বেশি নেই, কিন্তু কর্নেলিয়াস ভ্যান বের্ল ছিলেন ওই স্বল্প সংখ্যকদের একজন।
কর্নেলিয়াস ছিলেন ডাক্তার। কিন্তু বাবার মৃত্যুর পর তিনি রোগী দেখা ছেড়ে দিলেন। তাঁর বাবা ব্যবসা করে প্রচুর অর্থ উপার্জন করেছিলেন। মৃত্যুশয্যায় কর্নেলিয়াসের বাবা ছেলেকে কাছে ডেকে বলেছিলেন, “বাবা, সুখী হও। সারাদিন অফিসে বসে থাকাটা সুখের জীবন নয়। আমার মতো ব্যবসায়ী হয়ো না। কর্নেলিয়াস ডা উইটের মতো রাজনীতিবিদও হয়ো না। তার পরিণতি হবে চরম দুঃখের, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। শান্তিতে থেকো, ঝুট-ঝামেলায় জড়িয়ে পড়ো না। সব চাইতে বড় কথা, সুখী হয়ো।”