সারারাত বৃষ্টি—
শহর জুড়ে ছড়িয়ে আছে তোমার কাজলের ন্যায় কালো অন্ধকার
দূরে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে একটা নিয়ন আলোর ল্যাম্পোস্ট
নির্ঘুম ক্লান্তিহীন ল্যাম্পোস্টের মতো আমিও দাঁড়িয়ে থাকি—
দিনের বেলায়—
কমলা রঙের রোদের আলোয় সবাই রঙিন দুনিয়া দেখতে পায়
আর আমি দেখি তোমার চোখের কাজলের ন্যায় অন্ধকার
মানুষ এদিক-ওদিক ছোটাছুটি করে—
আর আমি বাঁধা পরে আছি, তোমার দিঘল কালো চোখের নদীতে
যেমন করে আটকা পরে মাঝি;
দুপুর বেলায়—
আমার বুকের পাঁজর ঘেঁষে বসে থাকে নিঃসঙ্গতার ব্যথা
সন্ধ্যায়—
সব মানুষের ঘরে ফেরার তাড়া দেখে, আমি আফসোস করে বলি—
যার ঘর নেই তার আবার কীসের সন্ধ্যা হবার তাড়া?
চারুবালা, তুমি পাশে থাকলে আজ আমাদের একটা গোছানো ঘর থাকতো
আমি চাই— পৃথিবীর সমস্ত মিছিল উপেক্ষা করে আমাদের আবার দেখা হোক!
চারুবালা, আমাদের আবার দেখা হবে, এক কোটি বছর পর—