দরজার বেল বাজল। কে এল দেখতে গেলেন ডোনা লুক্রেসিয়া। খোলা দরজা বাঁধানো ফ্রেম, তাতে ছবি হয়ে ফুটে আছে ফনচিটোর কুণ্ডলী পাকানো সোনালি চুলভর্তি মাথা আর নীল চোখ, তার পেছনে ব্যাকগ্রাউন্ড হিসেবে রয়েছে অলিভার দে সান ইসিড্রো-র দোমড়ানো-মোচড়ানো কিছু ছাইরঙা গাছ। ডোনা লুক্রেসিয়ার দুনিয়া ঘুরতে শুরু করল।
'আমি তোমাকে না পেয়ে কাতর, সোনা মা,' ওর এই পাখির মতো কিচিরমিচির গলা খুব ভালো মনে আছে তাঁর। 'তুমি কি এখনও আমার ওপর রাগ করে আছ? আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। তুমি আমাকে ক্ষমা করবে তো?'
'তুমি... তুমি এখানে?' এখনও দরজার নব ধরে আছেন, তবু দেয়ালে হেলান দিতে হলো ডোনা লুক্রেসিয়াকে। 'এখানে আসতে তোমার লজ্জা করল না?'