আধুনিক বাংলা ছড়ার অধীশ্বর লুৎফর রহমান রিটন। ছন্দের জাদুকর হিশেবে তাঁর জনপ্রিয়তার সীমানা অভ্রভেদী। যে কোনো বিষয়ই ছড়া হয়ে ওঠে তাঁর হাতে। ছড়াকার লুৎফর রহমান রিটন নিরপেক্ষ নন। তিনি মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার পক্ষে। বাংলা-বাঙালি-বঙ্গবন্ধু এবং বাংলাদেশের পক্ষে।
বঙ্গবন্ধুকে বিষয় করে লুৎফর রহমান রিটনের লেখা ৩১টি বিস্ময়কর ছড়া-কবিতার সংকলন 'দাবায়া রাখতে পারবা না'। বঙ্গবন্ধুকে নিয়ে বেশ কয়েকটি বই লিখেছেন তিনি। যেমন--শেখ মুজিবের ছড়া (১৯৯২), সোনার ছেলে খোকা (২০০১), একটি মুজিবরের থেকে (২০০৯), জয় বাংলার ছড়া জয় মুজিবের ছড়া (২০১৫), শেখ রাসেলকে লেখা চিঠি (২০১৫), বঙ্গবন্ধু সমগ্র (২০১৬) এবং 'ছোটদের বঙ্গবন্ধুর ছড়া' (২০২০)।
বঙ্গবন্ধুর শতবর্ষ উদযাপনকালের মাহেন্দ্রক্ষণে ২০২১ সালে লুৎফর রহমান রিটন কর্তৃক রচিত হয়েছে বেশ কিছু অনন্যসাধারণ ছড়া-কবিতা। যেখানে বঙ্গবন্ধুকে তিনি উপস্থাপন করেছেন উপলব্ধির বহুমাত্রিক দৃষ্টি এবং মাত্রায়। রচনাগুলোর ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম।
বাংলা-বাঙালি-বঙ্গবন্ধু-বাংলাদেশ--এই চার মূলমন্ত্রে আপসহীন লেখক লুৎফর রহমান রিটনের যাপিত জীবনে তাঁর চিন্তায় চেতনায় মননে ও মেধায় বঙ্গবন্ধুর উপস্থিতির হিরক-দ্যুতির যে অপরূপ অনুরণন, তারই অননুকরণীয় ছন্দময় প্রকাশ ‘দাবায়া রাখতে পারবা না।