জীবনে কিছু সফর থাকে, যার উদ্দেশ্য কেবল গন্তব্যে পৌঁছানো নয় বরং আত্মাকে জাগিয়ে তোলার প্রয়াস। আমার ‘ঢাকা থেকে সেরহিন্দ’ ছিল তেমনই একটি সফর। এ সফরে দর্শনীয় স্থানসমূহের মধ্যে— দেওবন্দ, গাঙ্গুহ, থানাভবন, কালিয়ার, নদওয়া ছিল উল্লেখযোগ্য। এগুলো কেবল
ভৌগলিক স্থান নয় বরং একেকটি রূহানী বাতিঘর, আত্মিক অনুপ্রেরণার মিনার।
আমি যেসব মুজাহিদ, মুফাক্কির, মুহাক্কিক ও আধ্যাত্মিক সাধকদের দরবারে হাযির হয়েছি, তাঁরা ছিলেন শতাব্দীর রাহবার, উম্মাহর আলোর দিশারী, নবীদের যোগ্য উত্তরসূরি। এই সফরে আমি কেবল তাদের কবর যিয়ারত করিনি; তাঁদের আত্মত্যাগ, ইখলাস, মুজাহাদা আর নববী মিশনের সবক হৃদয় দিয়ে অনুভব করেছি। এই সফরনামার প্রতিটি শব্দ,
বাক্য ও অনুচ্ছেদ আমি কেবল কলমের ভাষায় বর্ণনা করিনি; হৃদয়ের ভাষায় উপস্থাপন করেছি, বিমোহিত হয়েছি, অশ্রু ঝরিয়েছি। কখনো অনুভব করেছি, আমার কলমের কালিতে যেন আল্লাহর ওইসব প্রিয় বান্দাদের রূহানী ফয়েয বিচ্ছুরিত হচ্ছে।