জানালার ব্লাইন্ডের ফাঁক দিয়ে সকালের ঝকঝকে রোদ এসে ঝরে পড়ল ময়নার চোখেমুখে। ঘুম ভেঙে যাওয়ায় ময়না চোখ মেলল। হাত বাড়িয়ে সিডি প্লেয়ারের নবটি ঘুরিয়ে দিল সে। বাঁশির মৃদু সুরের মূর্ছনায় সারা ঘর ভরে গেল।
অন্য সব দিনের মতো আজকের দিনটাও টরন্টো শহরের একটি গতানুগতিক দিন। সকালবেলা আব্বা-আম্মা দুজনেই কাজে চলে গেছেন। ময়নার দুই বোন মাইশা, আরেশা ও ভাই আকাশ যথারীতি স্কুলে গেছে। কিন্তু ময়নার জন্য আজকের দিনটা একেবারে এক ভিন্ন দিন। মাসের পর মাস গভীর রাত পর্যন্ত জেগে জেগে পড়াশোনা আর পরীক্ষা দিয়ে দিয়ে হয়রান হয়ে যাওয়ার পর আজই সে সকাল পর্যন্ত টানা ঘুমাতে পেরেছে।
আলসেমিটা বেশ আয়েশ করে উপভোগ করছিল ময়না। ওমভরা কম্বলের মধ্যে টানটান হয়ে আড়মোড়া ভেঙে সে কম্বলটাকে আবার ভালো করে গায়ে জড়িয়ে নিল। এই মুহূর্তে জীবনটাকে তার বড় মনোরম মনে হচ্ছিল।