মি. প্রধানমন্ত্রী
স্যার
আপনি বা আমি কেউই ইংরেজি বলতে পারি না, কিন্তু কিছু বিষয় আছে যা শুধু ইংরেজিতেই বলা যেতে পারে। আমার সাবেক মালিক প্রয়াত মি. অশোকের সাবেক স্ত্রী পিঙ্কি ম্যাডাম এরকম একটি ইংরেজি বাক্য আমাকে শিখিয়েছিলেন; এবং আজ বেলা ১১টা ৩২ মিনিটে, এখন থেকে প্রায় দশ মিনিট আগে অল ইন্ডিয়া রেডিওর একটি মহিলা কণ্ঠ যখন ঘোষণা করল, প্রধানমন্ত্রী জিয়াবাও আগামী সপ্তাহে বাঙ্গালোর সফরে আসছেন, আমি সঙ্গে সঙ্গে সেই বাক্যটি বললাম।
আসলে যখন আপনার মতো উঁচুদরের কেউ আমাদের দেশ সফরে আসেন, আমি তখনই বাক্যটি বলি। তার মানে এই নয় যে আমি বিখ্যাত ব্যক্তিদের বিপক্ষে।