আজকে আমি আমার বারো বছর বয়সের সেই দিনটিতে ফিরে গিয়েছিলাম। সেটি ছিল ১৯৭৫ সালের হিমশীতল মেঘাচ্ছন্ন একটি দিন। আমি যেন সেদিনের বারো বছরের বালকে পরিণত হয়েছিলাম। সে মুহূর্তটির কথা স্পষ্ট আমার মনে আছে। ভেঙে যাওয়া একটি মাটির দেয়ালে হেলান দিয়ে বরফে জমে যাওয়া একটি নালার পাশের জায়গাটার দিকে উঁকি মেরে চেয়ে আছি। এটা অনেক দিন আগের ঘটনা। কিন্তু লোকে অতীত সম্পর্কে যা বলে, সেটা ঠিক নয়। আমি শিখেছি, অতীতকে কবর দেওয়া যায় না। আপনি কীভাবে অতীতকে কবর দেবেন? কারণ, অতীত সব সময় এর থাবা বাড়িয়ে আছে।
পেছন দিকে তাকিয়ে আমি এখন বুঝতে পারি যে গত ছাব্বিশ বছর আমি সেই জনশূন্য গলিটার দিকে উঁকি মেরে আছি। গত গ্রীষ্মের একদিন। আমার বন্ধু রহিম খানের কাছ থেকে ফোন পেলাম। তিনি আমাকে তার সঙ্গে দেখা করতে যেতে বলেছেন। রান্নাঘরে টেলিফোনের রিসিভার কানে নিয়ে আমি দাঁড়িয়ে রইলাম। আমি জানতাম এটা শুধু রহিম খানের ফোনকল নয়, এর সঙ্গে জড়িয়ে আছে আমার অতীতের পাপ। টেলিফোনটা রেখে আমি গোল্ডেন গেট পার্কের উত্তর দিকে স্প্রেকেলস লেকের ধারে হেঁটে আসতে গেলাম।