উনানে আগুন জ্বলে টকটকে লাল
পাশে পাতা বিছানাটা নতুন কোমল
এখন পায়ের জোর কমেনি তো সখা
মোড় ঘুরে হতে পারে আমাদের দেখা।
একাকী একটি গাছ, বা পাথর আছে খাড়া
হয়তো দেখেনি কেউ তুমি আমি ছাড়া।
গাছ আর ফুল আর পাতা, ঝোপ ঝাড়
হয়ে যাক পার! হয়ে যাক পার!
আকাশের নিচে জল, পাহাড়ের ঠাই
পার হয়ে যাই! পার হয়ে যাই!
কে জানে মোড়ের পরে আছে কী চমক?
একটা নতুন পথ, লুকানো ফটক।
ভুল করে আজ যদি হয়েও যাই পার
কাল ঠিকই এপথেই ফিরবো আবার।
ধরবো যে সে পথ যেটা ছুটেছে গোপনে
হয়তোবা চন্দ্র কী সূর্যের পানে।
আপেল বাদাম আর বরইয়ের ঝাঁক
গেলে চলে যাক! গেলে চলে যাক!
উপত্যকা, বালি, নুড়ি আর জলাশয়
জানায় বিদায়! জানায় বিদায়!
দুনিয়ার ডাক শুনে ছেড়েছি ঘরবাড়ি
রয়ে গেছে বাকি কতো পথ দেওয়া পাড়ি
গোধূলি পেরিয়ে গিয়ে রাত নেমে আসে
একে একে মিটিমিটি তারাগুলো হাসে
এইভাবে দুনিয়াটা হাঁটা হয়ে গেলে
ফিরে যাবো ঘর আর বিছানার কোলে।
কুয়াশা গোধূলি কিবা মেঘ এলে পরে
দূরে যাক সরে! দূরে যাক সরে!
কুপির আলোতে হবে রুটি-গোশ খাওয়া
তারপর শোয়া! আহা, তারপর শোয়া!