জনবিরল ওহিয়ো অঞ্চলের জঙ্গল আর জলাভূমির ওপর দিয়ে জীর্ণবস্ত্র পরিহিত যে ড্রাইভারটি এঁকেবেঁকে মালবাহী গাড়ি চালিয়ে চলেছে, সে একজন চতুর্দশী। তার মাকে তারা মনোঙ্গাহিলার কাছে দাফন করেছে। সুমধুর নামধারিণী একটা স্রোতস্বিনীর তীরে মায়ের কবরের ওপর মেয়েটা নিজেই মাটির ঢেলা বিছিয়ে জায়গাটাকে উঁচু করে দিয়েছে। গাড়ির ভিতর তার জ্বরাক্রান্ত বাবা কুঁকড়ে পড়ে আছে। আর বাবার চারপাশে তার জীর্ণ কাপড়-পরা কঙ্কালসার ভাইবোনেরা হাসাহাসি দাপাদাপি করছে।
তৃণাচ্ছন্ন পথের মাথায় এসে মেয়েটা গাড়ি থামাল। রুগ্ন পিতা ককিয়ে বলল : "এমি, তুমি বরং সিনসিনাটির দিকে গাড়ি হাঁকাও; তোমার চাচার খোঁজ পেলে, সে হয়তো আমাদের আশ্রয় দেবে।" “আশ্রয় আমাদের কেউ দেবে না বাবা, যতদূর পারি যাব। পশ্চিম দিকে যাচ্ছি। নতুন বহু কিছু দেখার আমার সাধ।” মেয়েটা জবাব দিল।
মেয়েটা রাতের খাবার তৈরি করে শিশুদের শুইয়ে দিয়ে একাকিনী অগ্নিকুণ্ডের পাশে বসে রইল। এই মেয়েটাই মার্টিন অ্যারোস্মিথের প্রপিতামহী।