হাওয়ার্ড ফাস্ট তাঁর বিখ্যাত উপন্যাস ফ্রিডম রোড (মুক্তির পথ) উৎসর্গ করেছেন পৃথিবীর সব সাদা ও কালো, পীত ও বাদামী, নারী ও পুরুষদেরকে, যারাই স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে সংগ্রামে প্রাণ দিয়েছেন। অতএব উৎসর্গপত্রেই এর বিষয়বস্তু উদ্ধৃত। পদপিষ্ট মানুষের বেদনা ও বঞ্চনার গল্প, তাদের ঘুরে দাঁড়াবার ইতিহাস, অজেয় অমেয় শক্তি ফাস্টের সাহিত্য-প্রেরণা।
১৯৪৪ সালে প্রকাশিত উপন্যাস ফ্রিডম রোড বাংলা ভাষান্তরে মুক্তির পথ বলছে, ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি আমেরিকার দক্ষিণাঞ্চলে দাসত্ব মোচনের লক্ষে দীর্ঘ যে লড়াই কালোরা করেছিল, সেই লড়াইয়ের পর ঘরে ফেরা মানুষগুলোর কথা। ফিরে এসে ওরা দেখতে পেল ওদের যেমন কোনো মনিব আর নেই, নেই খাবার দেয়ার লোক বা আশ্রয়ও। ক্ষত-বিক্ষত অতীত আর অনিশ্চিত বর্তমান ও ভবিষ্যত নিয়ে নিরক্ষর, হতবুদ্ধি, বোকা কালো লোকগুলো গিডিয়ন জ্যাকসনের পেছনে গিয়ে দাঁড়াল যার পিঠে একশটা চাবুকের দাগ ওর গায়ের রঙের মতো কালো অতীতের স্বাক্ষর। সবাইকে সাথে নিয়ে দাস থেকে মানুষ হয়ে ওঠার লড়াইয়ে নেমে পড়ল ও। বুঝে নিতে চাইল যুদ্ধ শেষের প্রাপ্য, ওদের মানবিক সত্তার অধিকার ও উদ্বোধন ।