একদিন সখের বসেই কলমটা নিয়ে দু লাইন লিখলাম। দেখি এর মাঝে একটা চরিত্র ফুটে উঠেছে। ভাবলাম একে সংক্ষেপে সমাপ্তি দিলে কেমন হয়? লক্ষ্য করি একটা কবিতার মত হয়ে গেছে, লিখতে লিখতে একদিন দেখি বেশ কয়েকটা হয়ে গেল, আর তখনই ইচ্ছে হলো বই প্রকাশের। অতঃপর এই ঝিঙেফুল প্রকাশনালয়ে আসা। এই ঝিঙেফুল থেকেই প্রকাশিত হচ্ছে আমার প্রথম বই 'ঘাসফুল'। হয়তো খ্যাতিমান লেখকদের সুন্দর সুন্দর বইয়ের ভিড়ে আমার এই বইখানা অগচরেই থেকে যাবে। তারপরেও যদি কেউ কুড়িয়ে নিয়ে পড়ে এবং পড়ার মতো হয়েছে বলে মনে করে তবেই ভাববো আমার এই প্রয়াসটুকু সার্থক, আর যদি পড়ে মনের মতো না হয় তবে বলবো না, এ আমার ব্যর্থতা। কারণ সেই পুরনো কথা। 'আমি নতুন' যা কিছু পাব সেটুকুই অর্জন। নতুনের ব্যর্থতা বলতে কিছু নেই।