ইবনে ফাদলান সম্পর্কে এখানে কয়েকটি কথা বলা প্রয়োজন। এক হাজার বছরের বেশি সময় পার হওয়ার পর এবং বিভিন্ন ভাষার এবং সাংস্কৃতিক ঐতিহ্যের লিপিকার ও অনুবাদকের স্তর পেরিয়েও তিনি অত্যন্ত পরিষ্কার কণ্ঠে আমাদের সাথে কথা বলেছেন।
তাঁর ব্যক্তিগত জীবন সম্পর্কে তেমন কিছু জানা যায়নি। আপাতদৃষ্টিতে তাঁকে একজন শিক্ষিত মানুষ মনে হয় এবং তাঁর ক্রিয়াকলাপ থেকে বোঝা যায় তিনি একেবারেই বৃদ্ধ ছিলেন না। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে, তিনি খলিফার পরিচিত ছিলেন, তবে তাঁকে খুব একটা ভক্তিশ্রদ্ধা করতেন না। এ ব্যাপারে অবশ্য তিনি একা নন, কেননা খলিফা আল-মুক্তাদির দুইবার ক্ষমতাচ্যুত হয়েছিলেন এবং শেষ পর্যন্ত তাঁর একজন কর্মকর্তা তাঁকে হত্যা করেছিল।