২২শে ফেব্রুয়ারি আমরা জানতে পারলাম এবার কলম্বিয়ার পথে যাত্রা শুরু হবে। গত আট মাস ধরে আমাদের জাহাজ- কালদাস, আমেরিকার মোবাইল বন্দরে নোঙর ক'রে আছে। জাহাজের ইলেকট্রনিক যন্ত্রপাতি এবং কামানগুলো মেরামত করা হচ্ছিল। নোঙর করা জাহাজের নাবিকরা যা ক'রে থাকে, এই আট মাস ধ'রে আমরাও তাই করছিলাম- উদ্দাম জীবন যাপন। এর মধ্যে ছিল- বান্ধবীদের নিয়ে মুভি দেখা, ঘোরাঘুরি করা, বন্দরে যে বারটা ছিল- তার নাম পালুকা, পালুকায় সবাই মিলে হুইস্কি খাওয়া আর মাঝে মাঝে হুজ্জতি ও মারামারি করা।
আমার বান্ধবীর নাম মেরি অ্যাড্রেস। মোবাইলে মাস দুয়েক কাটানোর পর এক বন্ধুর বান্ধবীর মাধ্যমে ওর সঙ্গে আমার পরিচয় হয়। মেরি মোটামুটি স্প্যানিশ বলতে পারে। তবে খুব বেশি না। শহরে যাওয়ার অনুমতি পেলেই আমি ওর সঙ্গে মুভি দেখতে যেতাম। মেরি আইসক্রিম খুব পছন্দ করতো। ওর আধো-স্প্যানিশ আর আমার আধো-ইংরেজি মিলে কথাবার্তার কাজটা আমরা চালিয়ে যাচ্ছিলাম কোনোরকমে।