হানিও ইয়ামাদা, ২৭ বছরের এক যুবক, একদিন উপলব্ধি করে যে তার জীবন অর্থহীন। তারপর সে সিদ্ধান্ত নেয় সে আত্মহত্যা করবে। আত্মহত্যা করতে গিয়ে ব্যর্থ হয়ে তার মনে হয় এই জীবন আর তার নয়। ফলে সে ভাবে যে সে তার জীবন বিক্রি করে দিবে। এই উদ্দেশ্যে সে টোকিওর সংবাদপত্রে একটি বিজ্ঞাপন দেয়: “জীবন বিক্রি হবে।” এই ঘোষণার পরেই তার জীবনে শুরু হয় এক পাগলাটে ও হাস্যকর অ্যাডভেঞ্চার। বিভিন্ন অদ্ভুত গ্রাহক তার জীবন ‘কিনে’ নিতে চায়, যার মধ্যে আছে ঈর্ষান্বিত স্বামী, বিষ পরীক্ষার জন্য ভাড়াটে অপরাধী এবং এক ভ্যাম্পায়ার মহিলা। বারবার মৃত্যুর মুখোমুখি হলেও, অদ্ভুতভাবে সে বেঁচে যায়। সে মরতে চায়, কিন্তু মৃত্যুও তাকে প্রত্যাখ্যান করে।
ইউকিও মিশিমার এই উপন্যাসটি জীবনের অর্থহীনতা এবং আধুনিক জাপানের সঙ্কট নিয়ে রচিত এক গতিময় ও ব্যঙ্গাত্মক ডার্ক কমেডি।