ঠিক কখন ও কোথায় কবি মাতৃগর্ভে সঞ্চারিত হয়েছিল? তার মা যখন এই প্রশ্নের উত্তর হাতড়ে ফেরেন, তখন গুরুত্বের সঙ্গে ভাবার মতো তিনটি সম্ভাবনার কথা সামনে চলে আসে হয় একটি পার্কের বেঞ্চে কোনো এক সন্ধ্যায় অথবা প্রাগের কাছে এক রোমান্টিক গ্রামে কোনো এক সকালে।
কবির বাবা যখন একই প্রশ্ন জিজ্ঞাসা করেন নিজের কাছে, তখন তিনি এই উপসংহারে পৌঁছান যে কবি মাতৃগর্ভে সঞ্চারিত হয়েছিল তার বন্ধুর অ্যাপার্টমেন্টে, বিশেষ রকমের দুর্ভাগ্যময় একটি দিন ছিল সেটা। কবির মা যেখানে যেতে রাজি হচ্ছিল না, এই নিয়ে তাদের মধ্যে দুইবার ঝগড়া হয়েছিল ও দুইবার সন্ধি হয়েছিল এবং শেষমেশ যখন তারা প্রেম ক্রীড়ায় নিয়োজিত হয়েছিল, তখন কেউ একজন স্বশব্দে পাশের ফ্ল্যাটের তালা খুলেছিল, কবির মা আতঙ্কে জমে গিয়েছিল, তাদের আলিঙ্গন খুলে গিয়েছিল এবং তড়িঘড়ি করে সন্ত্রস্ত অবস্থায় প্রেমকর্ম সমাধা হয়েছিল। কবির গর্ভে সঞ্চারিত হওয়ার ব্যাপারে এই হতভম্বকর দ্বিধান্বিত বিরতিকেই তিনি দায়ী বলে মনে করেন।