-ছুন্স মানিক, আমরা বি আর কথা কইবার পারুম না।
পড়ালেহাও বি আর করণ যাইব না।
-ক্যালা? কী অইছেরে?
মানিক বিস্ময়ে জিজ্ঞেস করে জাফরকে।
জাফর আর মানিক দুই বন্ধু। স্কুলেও একই ক্লাসে পড়ে। ক্লাস ফাইভে এখন ওরা। বয়সের তুলনায় ক্লাস ফাইভ হয়ত কমই মনে হয়, তারপরও ওরা পড়ালেখা করছে। ওদের দু'জনের বাসাও পাশাপাশি মহল্লায়। খেলাধুলা করে একই জায়গায়- সরদারের জল্লাপাড়ে। ঢাকাবাসীরা মহল্লার ছোট ছোট মাঠকে জল্লাপাড় বলে। ঘুড্ডি উড়ানো, বিরিং খেলা, ডাংগুলি খেলা- কোনো খেলাতেই ওরা পিছিয়ে নেই। কুস্তিও পারে মোটামুটি। ইব্রাহীম সরদার প্রায় বিকেলেই কুস্তির তালিম দেয়। তবে ওদের কুস্তি খেলায় তত আগ্রহ নেই। সুযোগ পেলেই শহরময় ঘুরে বেড়ায়। চঞ্চল প্রকৃতির এ বন্ধুদ্বয়ের মনের মিলও বেশ গভীর।