মারিয়া আলেক্সান্দ্রভনা মস্কালিওভাই যে মোর্দাসভের পয়লা নম্বরের মহিলা- তাতে কোনও সন্দেহই নেই। এমনভাবে তিনি চলেন যেন মনে হয় তিনি কারও প্রত্যাশী নন, সবাই বরং তাঁরই প্রত্যাশী। এ কথা সত্য যে, তাঁকে কেউই প্রায় পছন্দ করে না, বলতে কি অনেকে তাঁকে সর্বান্তকরণে ঘৃণাই করে, তবে সকলেই তাঁকে ভয় পায় এবং সেটুকুই তাঁর প্রয়োজন। এটা যে তিনি প্রয়োজন জ্ঞান করে থাকেন, সেটাই তো এক উঁচু দরের কূটনীতির লক্ষণ।
নইলে দেখুন না কেন, মারিয়া আলেক্সান্দ্রভনা পরনিন্দার এত ভক্ত, সারাদিনের মধ্যে কলঙ্কের রটনা কিছু কানে না এলে তাঁর রাত্রে ঘুম হয় না, সেই মারিয়া আলেক্সান্দ্রভনা তা সত্ত্বেও কী করে এমন ভাব করতে পারেন, তার দিকে তাকিয়ে স্বপ্নেও মনে হবে না যে, এই প্রখ্যাতা মহিলাটিই হলেন দুনিয়ায় কিংবা নিদেনপক্ষে মোর্দাসভে পরচর্চার শিরোমণি? বরং মনে হবে যেন তাঁকে দেখামাত্রই পরনিন্দা সব অদৃশ্য হবে, ভারিক্কি গুরুমশায়ের সামনে ছাত্রের মতোই অধোবদনে কাঁপতে থাকবে পরনিন্দুক এবং যা কিছু আলাপ-আলোচনার তা করবে কেবল অতি উচ্চমার্গীয় সব প্রসঙ্গে। যেমন ধরুন, মোর্দাসভের কোনও কোনও ব্যক্তি সম্পর্কে উনি এমন সব গুরুতর কেলেঙ্কারির কথা জানেন যে উপযুক্ত মুহূর্তে,