আমার বৃদ্ধ পিতা আদনের কথা বলতে গেলে তার আগে বলতে হয় জুদাসের কথা। না হলে বাবার কথাও বলা যায় না। জুদাসের চাইতে আমি তিন বছরের বড়। কিন্তু আমার শৈশবের সব স্মৃতিই জুদাসের সঙ্গে জড়িত। সে ছাড়া কোনো স্মৃতিই নেই। আমার বড় ভাই জন সুশীল নিরীহ প্রকৃতির মানুষ। কিন্তু আমরা চার ভাই এমন দস্যি ছিলাম যে, বাগ মানাবার সাধ্য তার ছিল না।
কাজেই পাঁচজনের মধ্যে সে দায়িত্ব বাবা আমার উপরই চাপিয়ে ছিলেন। জবাবদিহি আমাকেই করতে হতো। তবে আমিই যে ভাইদের রক্ষক ছিলাম তা নয়। কিন্তু দায়ী ছিলাম আমি। দায় সব সময় আমাকেই পোহাতে হতো। তবে নেতৃত্ব করত জুদাস। আর সবার মতো আমিও তা মেনে নিয়েছিলাম।
কীভাবে জুদাসের বর্ণনা করব? আমাদের মধ্যে সেই ছিল প্রথম ম্যাক্কাবি। নিজের অধিকারবলেই যেন এ মর্যাদা সে পায়। আমরা পেয়েছি তার উত্তরাধিকার। তবু সবচে মজার কথা এই যে, আর সবকিছুই স্পষ্ট মনে আছে। যদিও সে অনেক দিন আগের কথা। এলিজারের গড়ন ছিল প্রকাণ্ড ষাঁড়ের মতো।