"তুই একটা ডানাকাটা পরী," লিখেছিল ও। প্রতিদিন এ রকম নতুন কিছু কথা কিংবা কবিতা লিখে পাঠাত। যেন ও একটা আঠার-উনিশ বছরের কচি খোকা, আর কুকি ওর স্কার্টপরা প্রেমিকা। ও লিখেছিল, "তুই একটা ডানাকাটা পরী। তোর সে ডানা দুটো কেউ কেটে নিয়েছে। যদি ওগুলো থাকত, তুই কি আমার পাশে থাকতি?"
কুকি বারবার চিঠিটা পড়ছিল আর লজ্জায় ওর গাল দুটো লাল হয়ে আসছিল। পাছে কারো চোখে ধরা পড়ে যায় এই ভয়ে চিঠিগুলোকে সে জাঙ্কমেল ফোল্ডারে লুকিয়ে রেখেছিল। কিছুদিন হয় ও যেন এক কিশোরী হয়ে গেছে। জগৎ-সংসার আবার ওর চোখে সুন্দর দেখাচ্ছে। ও যেন যেন ওর ওর হারানো বয়স ফিরে পেয়েছে।
কুকি কবি নয়, সফিকও কবি ছিল না। অথচ ওর প্রতিটি চিঠি ছিল কাব্যময়। কবিতায় লিখতে লিখতে ও যখন তখন যেন গদ্যের রাজ্যে ঢুকে পড়ে, আবার ফিরে আসে কবিতার রাজ্যে।